ঢাকা শুক্রবার, জুলাই ১০, ২০২৬

Sangbadsanglap.com

বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত


স্মার্ট প্রতিনিধি
২০:০৬ - রবিবার, মার্চ ৫, ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামের সরকারি আজিজুল হক কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) রাত সোয়া আটটার দিকে শহরের নূরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাফসান সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

লালন হোসেন জানান, রাত সোয়া আটটার দিকে নূরানী মোড়ে বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন রাফসান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।