জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা এবং তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট নাসিম গাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে গোপাল চন্দ্র সাহা এর বিরোধিতা করেন।
তবে তদন্ত কর্মকর্তা আদালতে আসেননি। এ জন্য আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামি ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য জানান।
জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসতো। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এরআগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।
এদিকে, গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।