ঢাকা সোমবার, জুলাই ১৩, ২০২৬

Sangbadsanglap.com

৯৯তম মিনিটের ভুলে কপাল পুড়ল ইউনাইটেডের


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১২:০০ - শুক্রবার, মে ৫, ২০২৩
৯৯তম মিনিটের ভুলে কপাল পুড়ল ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে শেষ মুহূর্তে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ের নবম মিনিটে লুক শর ভুলে পেনাল্টি উপহার পায় ব্রাইটন। যেখান থেকে দলকে জয় এনে দেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

বৃহস্পতিবার (৪ মে) রাতের ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাইটন। তাতে পয়েন্ট টেবিলে এক লাফে দুই ধাপ উঠে এখন তারা ষষ্ঠ স্থানে।
 
ঘরের মাঠে এদিন আদিপত্য করে খেলেছে ব্রাইটন। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ কম আসেনি ম্যানইউর সামনেও। তারা গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয়। যার ৫টিই ছিল লক্ষ্য বরাবর।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। মাঝমাঠ থেকে ব্রুনো ফের্নান্দেসের ক্রস দারুণ পজিশনে থেকেও ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হন অ্যান্তোনি।
 
দুই মিনিট পর রেড ডেভিল ডিফেন্ডার  ভিক্তর লিনদেলোভের ভুল পাসে বল পেয়ে যান ব্রাইটনের জাপানিজ মিডফিল্ডার কাওরো মিতোমা। বক্সে ঢুকে নেয়া তার জোরালো শট লাগে গোলরক্ষক দাভিদ দে হেয়ার মুখে। বল চয়ে যায় লক্ষ্যের বাইরে। মুখে বল লাগায় কিছুটা আঘাত পান দে হেয়া। তবে চোট খুব একটা গুরুতর না হওয়ায় কিছুক্ষণ বসে থাকলেও তিনি আবার গোলবার সামলাতে দাঁড়িয়ে যান। ১৩ মিনিটে মিতোমা আরও একবার আক্রমণে উঠলেও ব্যর্থ হন বল জালে জড়াতে। ২৬ মিনিটে মার্কাস র‌াশফোর্ডের শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান ব্রাইটন গোলরক্ষক জেসন স্টিল।
 
দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাইটন। প্রথম ২৫ মিনিটের মধ্যে তারা নেয় ৭টি শট। যদিও তার একটিও তারা কাজে লাগাতে পারেনি। ম্যানইউ এ অর্ধে প্রথম কাঙ্ক্ষিত শট নেয় ৬৮ মিনিটে। যদিও ফের্নান্দেসের নেয়া শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন স্টিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে।
 
 
কিন্তু যোগ করা সময়ের নবম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ডিফেন্ডার লুক শ। ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ব্রাইটনকে আনন্দে ভাসান আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাতে জয় নিজেদের করে নেয় ব্রাইটন।
 
এই হারে লিগ টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল ম্যানইউ। ৩৩ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। ২ পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে নিউক্যাসল ইউনাইটেড। ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ব্রাইটন উঠে এসেছে ছয়ে।