ঢাকা সোমবার, জুলাই ১৩, ২০২৬

Sangbadsanglap.com

স্বামী দ্বিতীয় বিয়ে করায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্ত্রী


স্মার্ট ডেক্স
২১:৫৪ - শনিবার, জুন ২৫, ২০২২
স্বামী দ্বিতীয় বিয়ে করায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খালেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আনোয়ার হোসেন মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। তবে তিনি গত দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন। পরে বিয়ের খবরটি প্রকাশ হওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। আজ দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম স্ত্রী খালেদার সঙ্গে ঝগড়া হয় আনোয়ারের। এতে অভিমান করে খালেদা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। বিষয়টি রেলওয়ের গাজীপুর জিআরপি থানায় জানানো হয়েছে।