গুণগত মান নিশ্চিত করতে চামড়া ছাড়ানোর পর দ্রুত ভালোভাবে লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
সোমবার (১১ জুলাই ) আমিনবাজার ও হেমায়েতপুরে কাঁচা চামড়ার আড়ত এবং সাভারের ট্যানারি শিল্প এলাকায় পরিদর্শনকালে এ পরামর্শ দেন তিনি। এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
সফিকুজ্জামান বলেন, কাঁচা চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য দ্রুত লবণ দিতে হয়। অর্থাৎ ৪-৫ ঘণ্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। যত দেরিতে চামড়ায় লবণ দেওয়া হবে এর মান তত কমবে; দামও কমবে। নষ্ট হবে দেশের সম্পদ। তাই গুণগত মান নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব ভালোভাবে লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করতে হবে।
এছাড়াও অধিদপ্তর ও বিসিকের যৌথ একটি মনিটরিং টিম রাজধানীর পোস্তা এলাকার চামড়ার আড়তে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।