৬ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন। এর মধ্যেই নিউ মার্কেট এলাকায় শপিং করতে জড়ো হয়েছেন একদল মানুষ। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শপিং করতে আসা এক নারী বলেন, ভেবেছিলাম ছোটখাটো আগুন হবে। তাই দেখতে এসেছিলাম। কিন্তু এসে দেখি বড় ভয়াবহ অবস্থা।
শপিং করতে আসা মানুষ ও উৎসুক জনতা ঠেকাতে ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলেন, কোনোভাবেই মানুষকে সামাল দেওয়া যাচ্ছে না। আগুন লেগেছে জানার পরও লোকজন শপিং করতে আসছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে ঢাকা নিউ সুপার মার্কেটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের ৪০ জন কর্মী।
এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।